সরকারি সফরে চীনে তথ্যমন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০:৫৮

চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৭ জুন) তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রা শুরুর আগে এদিন দুপুরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মন্ত্রণালয় বলেছে, চীন সরকারের আমন্ত্রণে এ সফর করছেন তথ্যমন্ত্রী। সেখানে তিনি ‘চায়না মিডিয়া গ্রুপের’ আয়োজনে ৮ থেকে ১১ জুন ‘পঞ্চম সিএমজি ফোরামে’ অংশগ্রহণ করবেন।
১০ জুন চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চংচিং শহরে এই সম্মেলনের মূল আয়োজন হওয়ার তথ্য এক খবরে দিয়েছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন।
এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক গণমাধ্যম ব্যবস্থাপক, নীতিনির্ধারক, প্রযুক্তি উদ্ভাবক ও গবেষক প্রতিনিধির অংশগ্রহণের তথ্য দেওয়া হয় ওই খবরে।
তথ্য মন্ত্রণালয় বলেছে, সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বিশেষ করে, তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ জার্নাল/সিএম










