ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ছয় মাস বয়সী শিশুর মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১২:৫০

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ছয় মাস বয়সী শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে এ শিশুটি মারা যায় বলে রোববার সকালে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার পিয়াস আহমেদ।

মৃত শিশুটির নাম সিমরান। সে নগরীর নুরপুর এলাকার শিমুলের মেয়ে।

পিয়াস আহমেদ বলেন, ‘‘চলতি বছরে কুমিল্লায় সিমরানসহ এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।’’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মনজুর আহমেদ বলেন, ‘‘ছয় মাস বয়সী শিশুটি জ্বর ও শ্বাসকষ্টসহ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। পাশাপাশি সে নিমোনিয়াতেও আক্রান্ত ছিল।’’

তিনি জানান, সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অধ্যাপক মিয়া মনজুর আহমেদ বলেন, ‘‘হামের উপসর্গ থাকলেও নিমোনিয়ার জটিলতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘শিশুদের হাম হলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। ফলে অন্যান্য জীবাণুর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং জটিলতা সৃষ্টি হতে পারে।’’

শিশুদের জ্বর, কাশি বা সর্দির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে শিশুদের সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন এই চিকিৎসক।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত