মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সড়ক দিনভর বন্ধ থাকবে চারদিন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৯:৪২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ও অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে ম্যাচ ঘিরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সড়কে যানবাহন চলাচল চারদিন বন্ধ রাখার কথা বলেছে পুলিশ।
নির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ‘প্রশিকা সড়কটি’ বন্ধ থাকবে বলে শনিবার গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন ম্যাচ রোববার অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ৯ জুন, ১১ জুন ও ১৪ জুন মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
এর ফলে ওই চারদিন শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি দিনভর যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ওই সময়ে সর্বসাধারণ ও যানবাহন চালকদের প্রশিকা সড়ক এড়িয়ে মিরপুর-১ গামী সকল যানবাহনকে বিকল্প সড়ক হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
এই বিষয়ে গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের ‘আন্তরিক সহযোগিতা’ চেয়েছেন ডিএমপি কমিশনার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে মঙ্গলবার। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।
বাংলাদেশ জার্নাল/সিএম










