ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

টেকনাফে নৌকা থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচার চক্রের ৯ সদস্য আটক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৯:৫০

টেকনাফে নৌকা থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচার চক্রের ৯ সদস্য আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে একটি নৌকা থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে; যাদের মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে ভাষ্য কোস্ট গার্ডের। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার দুপুরে নিজ স্টেশনে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মুত্তাকিন সিদ্দিকী বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী দ্বীপ ও বাহারছড়া এলাকার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শাহপরী দ্বীপ এলাকা এবং বাহারছড়া উপকূলেও এ অভিযান চলে বলে জানান তিনি।

মুত্তাকিন সিদ্দিকী বলেন, ‘‘অভিযান চলাকালে সন্দেহভাজন একটি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়। তল্লাশিতে বোটে থাকা ৫০ জনকে উদ্ধার এবং মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়।’’

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানান তিনি।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে মুত্তাকিন সিদ্দিকী বলেন, “সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের কথা বলে তাদের প্রথমে টেকনাফে নিয়ে আসে।

“পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করা হত। এরপর সাগরপথে তাদের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল।”

উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজনকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার ভুক্তভোগী ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত