ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ফটিকছড়িতে বনে হরিণ শিকারে গিয়ে গুলিতে একজন নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২২:৩৩

ফটিকছড়িতে বনে হরিণ শিকারে গিয়ে গুলিতে একজন নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকার বনে ‘দল বেঁধে হরিণ শিকার করতে গিয়ে’ গুলিতে একজন নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে সর্তা বন বিট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন (৪৬)। তিনি খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম বলেন, “পাঁচ থেকে সাতজনের একটি দল বনে হরিণ শিকার করতে গিয়েছিল। নিহত জমির উদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু জামালের লাইসেন্স করা অস্ত্র নিয়ে তারা বনে যায় বলে জানতে পেরেছি।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনাবশত গুলি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাস্থলে গিয়ে ওই দলের কাউকে আমরা পাইনি। কে গুলি করেছে সেটাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

পুলিশ জানায়, গুলিবিদ্ধ জমির উদ্দিনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলটি প্রশাসনিকভাবে রাউজান থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া সেখানে সম্পন্ন হবে।

ওসি রবিউল আলম বলেন, ‘ময়নাতদন্তের পর রাউজান থানায় মামলা করা হবে।’

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত