ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মেয়ে শারলিনের জন্মে আড়াল ভাঙলেন বুবলী

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৫:১৬

মেয়ে শারলিনের জন্মে আড়াল ভাঙলেন বুবলী
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন। গত শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ মে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।

খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান বুবলীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে আসে আরেকটি প্রশ্ন—কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এত দিন কোথায় ছিলেন? প্রথম সন্তান শেহজাদ খানের মতো এবারও কি সন্তানের জন্ম যুক্তরাষ্ট্রে, নাকি বাংলাদেশে হয়েছে?

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

বিনোদন অঙ্গনে কয়েক মাস ধরেই বুবলীকে নিয়ে নানা গুঞ্জন ছিল। আগের মতো তাঁকে জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছিল না। সিনেমা মুক্তি পেলেও প্রিমিয়ার, সংবাদ সম্মেলন কিংবা প্রচারণা অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি ছিল সীমিত। বছরের শুরুতে তিনি একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্তদের কৌতূহল বাড়তে থাকে।

গণমাধ্যম গত বছরের অক্টোবরে জানতে পারে, বুবলী মা হতে যাচ্ছেন। তখন তাঁকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠানো হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। পরবর্তী সময়েও মাতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি; বরং বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন।

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শবনম বুবলীর কিছু ছবি ও ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের নজরে আসে তাঁর শারীরিক পরিবর্তন। ভক্তদের একটি অংশ তখন ধারণা করতে শুরু করেন, তিনি আবারও মা হতে চলেছেন। তবে এসব জল্পনা-কল্পনার কোনো জবাব দেননি বুবলী।

বছরের শুরুতে হঠাৎই তাঁকে প্রকাশ্যে কম দেখা যেতে থাকে। যাঁদের সঙ্গে কাজ চলছিল, তাঁদের সঙ্গেও যোগাযোগ সীমিত করে দেন। তখন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের ধারণা ছিল, সন্তান জন্ম দিতে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বা যাবেন। কারণ এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম দিয়েছিলেন।

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

তবে ঘনিষ্ঠজনদের সূত্রে জানা যায়, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। পরিচিতজনদের কেউ কেউ দাবি করেছেন, অভিবাসনসংক্রান্ত জটিলতার কারণে শেষ মুহূর্তে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি।

ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, পুরো মাতৃত্বকালীন সময় তিনি ঢাকাতেই ছিলেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। হাসপাতালেও যাতায়াত করেছেন আড়াল বজায় রেখে।

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও তিনি শুটিং ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে ব্যস্ত ছিলেন। পরিচালক রায়হান রাফির ‘প্রেশার কুকার’ ছবির শুটিংও করেছেন ওই সময়। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেলেও প্রচারণায় তাঁকে দেখা যায়নি। বিষয়টি তখন অনেকের নজরে আসে।

চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ধারণা করেছিলেন, তিনি দেশের বাইরে আছেন। কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করলেও বুবলী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

সন্তানের জন্ম কোথায় হয়েছে, তা নিয়েও নানা আলোচনা ছিল। বুবলীর ঘনিষ্ঠজনদের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি। হাসপাতালের একাধিক সূত্রও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন তিনি। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে অভিনেতা শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।

খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সহশিল্পী, পরিচালক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের জন্য শুভকামনা জানান।

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

এদিকে মাতৃত্বের কারণে পিছিয়ে যাওয়া কাজগুলোও ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন বুবলী। তাঁর সঙ্গে কাজ করা কয়েকজন পরিচালক জানিয়েছেন, তিনি ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আগামী দুই-এক মাসের মধ্যেই আবারও শুটিংয়ে ফিরতে পারেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান ও শবনম বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনেন তারা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবর প্রকাশ করলেন বুবলী।

শবনম বুবলীশবনম বুবলী: ছবি সংগৃহীত

দীর্ঘ কয়েক মাসের নীরবতা, আড়ালে থাকা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর নিজেই জানালেন শবনম বুবলী। মাতৃত্বের এই ব্যক্তিগত সময়টুকু যে তিনি আলোচনার বাইরে, নিজের মতো করেই কাটাতে চেয়েছিলেন, সেটিও স্পষ্ট হয়েছে তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত