জামায়াত ‘ছায়া বাজেট’ দেবে মঙ্গলবার
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২২:২২

আসন্ন ২০২৬- ২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘ছায়া বাজেট’ দেবে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
রোববার রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সংবাদ সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানসহ কেন্দ্রীয় দলের নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকেও একটি ‘ছায়া বাজেট’ উপস্থাপন করা হয়।
এতে দেশের অর্থনীতিকে ১২ খাতে ভাগ করে ৭১টি প্রস্তাব দিয়েছে এনসিপি।
‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে ছায়া বাজেট দেয় জুলাই আন্দোলনের মাধ্যমে উঠে আসা এই দলটি।










