ঢাকা, রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২১:৩১

আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে ঢাকার গুলিস্তানে সড়কের নামকরণের পর এবার তার নামে বুয়েটে একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

শনিবার (২৭ জুন) বিকালে বুয়েটে এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির বহু শিক্ষার্থী আবাসন পাচ্ছেন না বলে তুলে ধরে হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা দেখেছি বুয়েট অনেক মেধাবী, আবার এটাও দেখেছি যে ঘটনা বুয়েটে ঘটেছে সে স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাচ্ছে না। আমরা হল করব বটে। তবে এই বুয়েটের মেধাবী ছাত্ররা যে মাঝে মাঝে নষ্ট হতে পারে, সেটা স্মৃতিরপাতায় লেখার জন্য আমরা সেই আবরার নামেও একটি হল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।

বর্তমান ক্যাম্পাসে জায়গা না থাকায় পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠা করে আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেছেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবাসনের সমস্যা হলে পড়াশোনায়ও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে সিটের অপ্রতুলতা রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এবং এই সমস্যার সমাধান করব।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী।

বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ওই ঘটনায় ২০২১ সালের ৮ ডিসেম্বর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী জেমিসহ ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সড়ক, স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের বদলে শহীদ আবরার ফাহাদ এভিনিউ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে ‘রিসার্চ গ্র্যান্ট’ বৃদ্ধি করা হবে। এছাড়া, গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলো আধুনিক ও মানসম্মত নয়। এখনো অনেক ল্যাবেই পুরনো যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। এগুলোর আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুয়েটে শিক্ষার্থী প্রতি মাথাপিছু খরচ অন্যান্য বিশবিদ্যালয়ের থেকে বেশি, এ কথা তুলে ধরে আসন সংখ্যা বাড়ানোর পরামর্শও দেন আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত