ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

স্ত্রীর আত্মহত্যা মামলায় টিভিনাটকের অভিনেতা যাহের আলভীর রিমান্ড শুনানি আজ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৩৩

স্ত্রীর আত্মহত্যা মামলায় টিভিনাটকের অভিনেতা যাহের আলভীর রিমান্ড শুনানি আজ
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদনের ওপর শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।

এর আগে ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরবর্তীতে ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর আব্দুল মালেক তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত ওই আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ইকরাকে উদ্দেশ করে যাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানসূচক ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করতেন। এছাড়া তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি পরনারীর সঙ্গে ছবি সংযুক্ত করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, এবং আসামির স্থায়ী ঠিকানা উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন বলে দাবি করা হয়।

গত ৪ জুন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালতে যাহের আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান।

ঘটনার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত