চলচ্চিত্র অনুদান কমিটিতে যুক্ত হলেন অভিনেত্রী মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৮:০০

সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে পুনর্গঠিত হলো ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’। ১১ সদস্যের এই কমিটিতে ঠাঁই পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত মুখ রুমানা ইসলাম মুক্তি।
বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা: শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে এবং যুগ্মসচিবকে (চলচ্চিত্র) সদস্য সচিব করে মোট ১১ জন সদস্যকে নিয়ে পুনর্গঠিত হয়েছে কমিটি।
এ প্রসঙ্গে মুক্তি বলেন, ‘অনুদান কমিটিতে আমাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলচ্চিত্র একটি সমাজের দর্পণ, আর সরকারি অনুদান আমাদের দেশের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্ন পূরণের একটি অন্যতম বড় মাধ্যম। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে সবসময়ই চেয়েছি আমাদের দেশের চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হোক। এবার সরাসরি এই মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে নিজের দায়িত্ব আরও বেড়ে গেল বলে মনে করছি।’
তার কথায়, ‘অত্যন্ত সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সঙ্গে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমার মূল লক্ষ্য থাকবে এমন কিছু গল্প ও চিত্রনাট্য নির্বাচন করা, যা আমাদের দেশীয় সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরবে, সমাজকে ইতিবাচক বার্তা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের গৌরব বৃদ্ধি করবে। বিশেষ করে নতুন ও তরুণ নির্মাতাদের সৃজনশীল ভাবনাকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।’
কমিটির বাকি সদস্যরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক সরদার সানিয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি প্রফেসার ড. সাইফুল ইসলাম ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।
প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান বাছাই কমিটির সুপারিশ ও পর্যালোচনাপূর্বক, সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫ (সংশোধিত) এর আলোকে এই কমিটি ২০২৫-২৬ অর্থবছরে অনুদান প্রদান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










