ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

এগিয়ে জিতের সিনেমা, পিছিয়ে দেব! নেপথ্য কারণ জানালেন প্রযোজক

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৯:৩৫  
আপডেট :
 ১০ জুলাই ২০২৬, ১৯:৪৫

এগিয়ে জিতের সিনেমা, পিছিয়ে দেব! নেপথ্য কারণ জানালেন প্রযোজক
ছবি: সংগৃহীত

প্রতিবছর দেবকে ঘিরে দেব-অনুরাগীদের আশা থাকে বছরে তার দুই-এর অধিক ছবি মুক্তি পাবেই। অপর দিকে জিৎ-অনুরাগীদের অপেক্ষার সময়টা একটু বেশি কারণ বছর পেরিয়ে গেলেও জিতের ছবির দেখা পাওয়া যায় না বললেই চলে।

তবে এই বছর ঠিক তার উল্টো। দেব এর আগেই জিৎ এর ছবির ঘোষণা করা হয়েছে। পিছিয়ে গিয়েছে দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র মুক্তি। এ দিকে স্বাধীনতা দিবসের আগে মুক্তির দিন ঘোষণা হয়েছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর। ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

স্বাধীনতা সংগ্রামী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের জীবনের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন পরিচালক পথিকৃৎ বসু।

এদিকে দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ মুক্তি প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেব লেখেন, “প্রতিটি যাত্রার একটা নিজস্ব সঠিক সময় থাকে। আপনাদের কাছে যাতে এই ছবি ভাল ভাবে পৌঁছে দিতে পারি, তাই আপাতত ছবির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

দেব আরও লেখেন, “আমি জানি, আপনারা এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু আরও কিছু দিন ধৈর্য ধরতে হবে। এই অপেক্ষা আপনাদের জন্য সুখেরই হবে।”

দুটি ছবির প্রযোজক প্রদীপ কুমার নন্দী বলেন, “আগস্ট মাসে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটি মুক্তি পাচ্ছে, কারণ সেই ছবির সমস্ত কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে।” প্রযোজক জানিয়েছেন, দেব অভিনীত ছবি পোস্ট প্রোডাকশনের কাজ এখনও অনেকটা বাকি। সেই কাজই চলছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টালিউডে একই সময়ে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি এড়িয়ে চলার বিষয়ে প্রযোজক ও পরিবেশকদের মধ্যে আগে থেকেই একটি সমঝোতা রয়েছে। কয়েক মাস আগে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, মুক্তির সূচি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে কোনো ছবির ব্যবসা অন্য ছবির কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

দেবের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে সেই সমঝোতারও প্রভাব রয়েছে কি না, তা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করেননি।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত