‘বরবাদ’–এর পর আবারও শাকিব-হৃদয় জুটি, নতুন সিনেমার নাম এখনো চূড়ান্ত নয়
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২০:৫৭

বরবাদ–এর সাফল্যের পর আবারও জুটি বাঁধছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢালিউড সুপারস্টার শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
সম্প্রতি নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। চুক্তি সম্পন্ন করার পর গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন ও শাহরিন সুমীর সঙ্গে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিব।
ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।’
শাকিবের এই পোস্টের পরই নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। বিভিন্ন প্রতিবেদনে ছবিটির সম্ভাব্য নাম হিসেবে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’ নাম দুটি সামনে আসে। তবে নির্মাতা জানিয়েছেন, এখন পর্যন্ত সিনেমার কোনো নামই চূড়ান্ত করা হয়নি।
বুধবার দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এখনো স্ক্রিপ্ট লেখা শেষ হয়নি। স্ক্রিপ্ট শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। ‘‘নিঃস্ব’’ ও ‘‘হায়েনা’’সহ আরও বেশ কিছু নাম শুনেছি। তবে এতটুকু বলতে পারি, এগুলোর কোনোটি চূড়ান্ত নয়।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো নামই ভাবিনি। আশা করছি, ১০ দিন পর ছবিটির নাম আনুষ্ঠানিকভাবে জানাতে পারব। পাশাপাশি শিল্পীদের বিষয়টিও চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগবে। সবকিছু পর্যায়ক্রমে জানানো হবে।’
জানা গেছে, অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের আবহে নির্মিত হতে পারে শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এর আগে ‘বরবাদ’ সিনেমায় একসঙ্গে কাজ করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়। সেই জুটির নতুন সিনেমার ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। এবার ‘বরবাদ’ টিমের নতুন সিনেমা দর্শকদের জন্য কী চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










