ঢাকা, রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্র শর্ত ভঙ্গ করলে, তার জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: রেজাইয়ের হুঁশিয়ারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২২:২০  
আপডেট :
 ২৭ জুন ২০২৬, ২২:২৮

যুক্তরাষ্ট্র শর্ত ভঙ্গ করলে, তার জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: রেজাইয়ের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করে, তবে তার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়িয়ে চুক্তির আরও একটি ধারা ভঙ্গ করেছে বলেও তিনি অভিযোগ করেন।

ইরানের দক্ষিণ উপকূলে একাধিক স্থানে মার্কিন হামলার পর এই প্রতিক্রিয়া আসে। রেজাই বলেন, যেকোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে।

এর আগে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগে দায়ী করেন।

এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজে ড্রোন হামলার জবাবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরান দাবি করেছে, পারস্য উপসাগরের জলপথে অননুমোদিতভাবে চলাচল করায় ওই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

পাল্টা উত্তেজনায় ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। হরমুজ প্রণালী কেন্দ্রিক এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত