লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮:৪৬ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২০:৪৬

বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক ভক্ত ও প্রতিনিধির অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৬’। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদার আহ্বানে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে মূল বক্তব্যে ইমাম কুদরত এ খোদা বলেন, আজকের সমাজ হেরা গুহার সেই মূল জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম বাহ্যিকভাবে রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির মূল সাধনা আজ হারিয়ে যাওয়ার উপক্রম।
পবিত্র কোরআন অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, কোরআন শুধু জানা আর কোরআন বাস্তবে মানা এক জিনিস নয়। ধর্মীয় জ্ঞান তখনই প্রকৃত অর্থবহ হয়, যখন তা মানুষের ব্যক্তিগত চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মূলত মানুষকে চরিত্রবান ও আদর্শবান হওয়ার শিক্ষা দেয়।
বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ভালোবাসার ওপরে কোনো ধর্ম নেই এবং ভালোবাসার ওপরে কোনো ইবাদত নেই।
অনুষ্ঠানে সুফিবাদ, খোদার প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের মূল শিক্ষা এবং বিশ্বব্যাপী এর আধ্যাত্মিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। কনফারেন্সে 'দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম' শীর্ষক একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখার সার্বিক ব্যবস্থাপনায় এই কনফারেন্সটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে দেওয়ানবাগ শরীফ নিবন্ধিত সংগঠন হিসেবে তাদের কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। লন্ডনের মূল ভেন্যু ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ আশেকে রাসুল অনলাইনের মাধ্যমে এই কনফারেন্সে সরাসরি যুক্ত হন।
বাংলাদেশ জার্নাল/সিএম










