ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড অনলাইন বাছাইয়ের ক্ষণ গণনা শুরু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৫:৪১

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড অনলাইন বাছাইয়ের ক্ষণ গণনা শুরু
ছবি: সংগৃহীত

মানুষের আকাশ পর্যবেক্ষণের ইতিহাস বহু পুরোনো। সূর্যোদয়, গ্রহ, নক্ষত্র, চাঁদ কিংবা গ্রহণের মতো মহাজাগতিক ঘটনা দীর্ঘদিন ধরেই মানুষের কৌতূহলের বিষয়।

দেশে প্রচলিত নিয়মিত পাঠ্যক্রমে জ্যোতির্বিজ্ঞান না থাকায় এই বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষামূলক আয়োজন হিসেবে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের যাত্রা শুরু হয় ২০০৬ সাল থেকে।

এ বছরও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহী স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য ২০ জুন শুরু হচ্ছে ২১তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের অনলাইন বাছাই কার্যক্রম। এতে দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলার শিক্ষার্থীরা প্রথম ধাপে অনলাইনে প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে। এরপর বিভাগীয় পর্যায়ের বাছাই এবং জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে আবাসিক প্রশিক্ষণ শিবির বা ক্লোজ ক্যাম্প।

এ বছর ২০ জুন, শনিবার একযোগে শুরু হবে অনলাইন বাছাই পর্ব। পরে ৪ জুলাই দেশের আটটি বিভাগীয় শহরের পাশাপাশি দুটি জেলা শহরে হবে বিভাগীয় বাছাই।

বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত মোট পাঁচশ প্রতিযোগীকে নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১১ জুলাই। সেখান থেকে জুনিয়র ও সিনিয়র দুই বিভাগ মিলিয়ে শীর্ষ মোট ৩০ জন তিন দিনের ক্লোজ ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে।

আবাসিক এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা গাণিতিক জ্যোতির্বিজ্ঞান, পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিঃপদার্থবিজ্ঞান, টেলিস্কোপ পরিচালনা এবং আকাশের তারা শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ পাবে।

ক্যাম্পের শেষে মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে জুনিয়র বিভাগ থেকে তিন জন এবং সিনিয়র বিভাগ থেকে দুই জন, মোট পাঁচ জন নির্বাচিত হবে। নির্বাচিত এ শিক্ষার্থীরা নভেম্বরে অনুষ্ঠিতব্য ৩০তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ ছাড়া, চূড়ান্ত পর্বে সিনিয়র বিভাগে তৃতীয় থেকে দ্বাদশ স্থান অর্জনকারীদের মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে দুই জনকে নির্বাচন করবে আয়োজকরা। তারা রুশ সরকারের বৃত্তি নিয়ে রাশিয়ায় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে।

আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বলেছে, ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া শিক্ষার্থীরাই এ প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবে। সিনিয়র ও জুনিয়র উভয় বিভাগের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় প্রশ্নপত্র থাকবে।

এ বছরের আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে গার্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্যাংক এশিয়া ও সেভেন রিং সিমেন্ট। সহযোগী হিসেবে রয়েছে শো অ্যান্ড টেল, প্রথম আলো, দূরন্ত টিভি এবং রাশিয়ান হাউস ইন ঢাকা। একাডেমিক অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র।

এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চ্যানেল আই এবং বিজনেস স্ট্যান্ডার্ড।

রেজিস্ট্রেশন করা যাবে astronomybangla.com/olympiad2026/ লিংকে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত