ঢাকা, রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

অনুদানের তালিকায় নড়াইলের এমপির মেয়ের নাম: পিএস বরখাস্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২০:২৭

অনুদানের তালিকায় নড়াইলের এমপির মেয়ের নাম: পিএস বরখাস্ত

ঐচ্ছিক তহবিল হতে অনুদান মঞ্জুরির তালিকায় মেয়ের নাম থাকা নিয়ে সমালোচনার মধ্যে নিজের ব্যক্তিগত সহকারীকে (পিএস) বরখাস্ত করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আতাউর রহমান বাচ্চু।

রোববার (২৮ জুন) বিকালে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে পিএস আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করার কথা জানান সংসদ সদস্য।

এ ব্যাপারে জানতে চাইলে আবু সালেহ মোহাম্মদ গোফরান বলেন, অনলাইনের মাধ্যমে বরখাস্তের বিষয়টি আমি জেনেছি।

অনুদান মঞ্জুর করে জাতীয় সংসদ সচিবালয় থেকে ১৮ জুন ইস্যু করা সেই পত্রের ছবি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

চিঠির বরাতে জানা যায়, সংসদ সদস্য মো. আতাউর রহমান-এর অনুকূলে নিজের কর্তৃত্বে বণ্টনের জন্যে ২০২৫-২০২৬ অর্থ বৎসরে (১৭-০২-২০২৬ থেকে ৩০-০৬-২০২৬ পর্যন্ত) ঐচ্ছিক তহবিলের জন্য এক লাখ তিরাশি হাজার পাঁচশত টাকা বরাদ্দ পেয়েছেন।

সেই বরাদ্দের টাকা সংসদ সদস্যের অভিপ্রায় জানানো ব্যক্তিদের অনুকূলে ব্যয়ের মঞ্জুরি দেওয়া হয়েছে পত্রে। সেখান উল্লেখ করা তালিকায় সদর উপজেলায় ১০ জনের বিপরীতে ৮০ হাজার টাকা ও লোহাগড়া উপজেলায় ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সদর উপজেলার তালিকায় হবোখালী ইউনিয়নের ৯ জন ও আউড়িয়া ইউনিয়নের একজনের নাম রয়েছে। তার ১ নম্বরে হবোখালী গ্রামের ফাইজা (বাবা মো. বাচ্চু) এবং ৮ নম্বরে ফাইজা (বাবা মো. আতাউর) এর নাম আছে। তাদের বিপরীতে ১০ হাজার টাকা করে অনুদান লেখা রয়েছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ের নামও ফাইজা।

এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, একজন সংসদ সদস্য জনকল্যাণমূলক কাজের জন্য অর্থবছরে ৫ লাখ টাকা ঐচ্ছিক অনুদান তহবিল পেয়ে থাকেন। আমি যেদিন শপথ নিয়েছি সেদিন থেকে এই অর্থবছরে হিসাব করলে নড়াইল-২ আসনে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা পেয়েছি। তবে সেই টাকা নেয়ার জন্য সংসদ সচিবালয়ে নামের তালিকা আগে জমা দেয়া লাগে।

সংসদ সদস্য বলেন, আমি এলাকায় ব্যস্ত থাকার মধ্যে পিএস ফোন দিয়ে জানায় আজকের দিনের মধ্যে নামের তালিকাসহ ডিও জমা দিতে হবে। আমি তাকে বললাম- তুমি সব ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে জমা দাও। সে বলল, অফিস থেকে বলেছে এখন কিছু পরিচিত নাম দিয়ে এটা তুলে নিতে হবে, পরে বিভিন্ন সময়ে বিতরণ করে প্রকৃত তালিকা আপনারা সংরক্ষণ করতে পারবেন।

আতাউর রহমান বলেন, এমন পরিস্থিতিতে পিএসের কাছে থাকা স্বাক্ষর করা প্যাডে এই তালিকাটা অফিসে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, তালিকায় কাদের নাম দিয়েছে আমি দেখারও সুযোগ পায়নি। এমনকি কি সেই টাকাটা এখনও আমি হাতেও পাইনি।

তিনি আরও বলেন, কিন্তু এখন দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা। টাকা হাতে পাওয়ার পর এই অর্থবছর শেষ হলে অন্যান্য অনুদানের মতো এই টাকার প্রকৃত তালিকাও জনগণ জানতে পারবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত