নিরাপত্তারক্ষী থেকে ৩ হাজার কোটি টাকার মালিক, কে এই ভিন ডিজেল
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৭:৫৯

‘১৭ বছর বয়সে আমাকে রাতে ক্লাবে কাজ করতে হয়। রাতে কাজ করে দিনের বেলা অডিশন দিতাম। এভাবে আমি প্রায় ৯ বছর বাউন্সার ছিলাম। ক্লাবের নিরাপত্তার দায়িত্ব সামলাতে শত শত মারামারির মধ্যে পড়েছি, তবে যতটা সম্ভব সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করতাম। ক্লাবের এসব অভিজ্ঞতাই আমাকে হলিউড অভিনেতা হিসেবে সুযোগ তৈরি করে দিয়েছে।’ এভাবে নাইট ক্লাবের বাউন্সার বা নিরাপত্তারক্ষী থেকে জন্ম নেয় হলিউডের জনপ্রিয় এক অভিনেতা। তিনি ভিন ডিজেল।
১৯৬৭ সালের ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন ভিন ডিজেল। তাঁর প্রকৃত নাম মার্ক সিনক্লেয়ার। খুব ছোটবেলায় মায়ের সঙ্গে নিউইয়র্কে চলে যান। মা ছিলেন জ্যোতিষবিদ ও মনোবিজ্ঞানী ডেলোরা শার্লিন ভিনসেন্ট। তাঁর সৎবাবা আর্ভিং এইচ ভিনসেন্ট ছিলেন থিয়েটার পরিচালক ও অভিনয়শিক্ষক। সৎবাবাই তাঁর শিল্পীজীবনে বড় প্রভাব রাখেন। ভিন ডিজেলের মতে, মাত্র সাত বছর বয়সে থিয়েটারে দুষ্টুমি করতে গিয়ে ধরা পড়েন। শাস্তি না দিয়ে তাঁকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। সেখান থেকেই অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসার শুরু হয়।
বাধা পেরিয়ে হলিউডে
বর্তমানে ভিন ডিজেলের কণ্ঠ, শরীর ও ব্যক্তিত্ব আজ তাঁর পরিচয়ের অংশ। কিন্তু একসময় এসবই ছিল তাঁর জন্য বাধা। অনেক প্রযোজক মনে করতেন, তিনি প্রচলিত নায়কের মতো নন। তাঁকে দিয়ে অভিনয় হবে না। এ জন্য বহুবার প্রত্যাখানের শিকার হয়েছেন। ভিন ডিজেল বলেন, ‘হলিউডে বারবার অডিশন দিয়েও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছিলাম না। একসময় সিদ্ধান্ত নিই, নিজেই কিছু একটা করব। আর কারও অপেক্ষায় থাকব না।’ এভাবেই স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়ে আলোচনায় আসেন।
স্টিভেন স্পিলবার্গের ফোন
দু–তিনটি ছোট কাজে জড়ালেও ১৯৯৫ সালে মাত্র তিন দিনের শুটিংয়ে তৈরি করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাল্টি-ফেসিয়াল’। এর গল্প ছিল এক বহুজাতিক বংশোদ্ভূত অভিনেতার সংগ্রামের গল্প, যা অনেকটাই ভিন ডিজেলের নিজের জীবনের প্রতিচ্ছবি। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। সেখানে সিনেমাটি চোখে পড়ে স্টিভেন স্পিলবার্গের। তিনি স্বল্পদৈর্ঘ্যটি দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি ভিন ডিজেলের জন্য বিশেষভাবে ‘সেভিং প্রাইভেট রায়ান’ সিনেমায় একটি চরিত্র লিখে দেন। ১৯৯৮ সালের এ ছবিই ভিন ডিজেলের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।
হয়ে ওঠেন আলোচিত তারকা
৯ বছর অডিশন দিয়ে তেমন সুবিধা করতে না পারা এই অভিনেতা ‘সেভিং প্রাইভেট রায়ান’–এ অভিনয় করার পর হলিউড প্রযোজকদের নজর কাড়েন। তবে তাঁকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ কিংবদন্তি বানায়। ২০০১ সালে মুক্তি পায় ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’। ডমিনিক টরেটো চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন ভিন ডিজেল। পরবর্তী সময়ে সিনেমাটির সিক্যুয়েল আয়ে অন্যতম সফল সিনেমা হিসেবে পরিণত হয়। তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন সময় জড়িয়ে আছে এ সিনেমা থেকেই গড়ে ওঠা বন্ধুত্ব। ২০১৩ সালে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সহ-অভিনেতা ও ভিন ডিজেলের ঘনিষ্ঠ বন্ধু পল ওয়াকার সড়ক দুর্ঘটনায় মারা যান। এ ঘটনায় তিনি ভেঙে পড়েছিলেন।
কেন তিনি এত জনপ্রিয়
হলিউডে অনেক অ্যাকশন তারকা এসেছেন-গেছেন। কিন্তু ভিন ডিজেল আলাদা হয়ে উঠেছেন তাঁর পর্দার ব্যক্তিত্ব, পরিবারের প্রতি গুরুত্ব, বন্ধুত্বের মূল্য এবং সংগ্রামের গল্পের জন্য। তিনি প্রমাণ করেছেন, প্রচলিত নিয়মে সুযোগ না পেলেও নিজের গল্প নিজেই তৈরি করা যায়। এ জন্য তিনি বহুবার বলেছেন, ‘নিজের আত্মবিশ্বাস খুঁজে নাও, ভালোবাসাকে সামনে রেখে এগিয়ে চলো, বাকিটা আপনা–আপনিই চলে আসবে।’ তিনি কত টাকার মালিক
হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাকশন তারকাদের একজন ভিন ডিজেল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও অর্থবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ২৫–৩০ কোটি মার্কিন ডলার। এই বিপুল সম্পদের বড় অংশ এসেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি থেকে। শুধু অভিনয় নয়, তিনি নিয়মিত সিনেমার প্রযোজক হিসেবেও লভ্যাংশ পান। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার জন্য তিনি ২ কোটি থেকে ২ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা গিয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সাময়িকীর তথ্য অনুযায়ী, ভিন ডিজেলের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ২৫০ মিলিয়ন ডলার, যা টাকায় তিন হাজার কোটির বেশি।
সূত্র: আইএমডিবি, দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য রিচেস্ট
বাংলাদেশ জার্নাল/এসআইপি










