ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে ২ জনকে কুপিয়ে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৫:০৯  
আপডেট :
 ১৮ জুলাই ২০২৬, ১৬:১৩

কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে ২ জনকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন আরেকজন।

শনিবার (১৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড নামক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানান খোকসা থানার ওসি জাকির হোসেন।

নিহতরা হলেন, দেবীনগর গ্রামের বাসিন্দা মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) ও আতিক আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকালে ছালিম হোসেনের লোকজন সামিরুলের বাড়িতে হামলা চালায়।

পরে রাতে আবার সামিরুল তার দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। বিষয়টি টের পেয়ে ছালিম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

তবে সেসময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মণ্ডলকে (৩৫) সামিরুলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয় এবং আহত মুল্লুক মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হন।

পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আহত ব্যক্তিও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, “শুক্রবার বিকালে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় বিরাজমান উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে “

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত