অর্থমন্ত্রী ত্রাণ বিতরণের সময় ভেঙে পড়ল মঞ্চ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৭:০৬

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় ভেঙে পড়েছে অনুষ্ঠানের মঞ্চ। মঞ্চে অতিরিক্ত লোক ওঠায় শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণের ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার আগেই স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে ভিড় করেন। তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য মাইকে বেশ কয়েকবার ঘোষণা দেওয়া হলেও তারা নামেননি।
পরে অর্থমন্ত্রী পৌঁছালে তার সঙ্গে আরও কিছু দলীয় নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। এর কয়েক মিনিট পর মঞ্চটি ভেঙে পড়ে। অর্থমন্ত্রী ও চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা তখন মঞ্চেই ছিলেন।
এরপর ভাঙা মঞ্চে দাঁড়িয়েই কয়েকজনের হাতে ত্রাণ তুলে দেন অতিথিরা। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানকে বলেন,মানুষ বেশি হওয়ায় স্টেজ একটু নিচে নেমে গিয়েছিল। সেখানে আর কোনো সমস্যা হয়নি। ত্রাণ বিতরণও করা হয়েছে। পরে অর্থমন্ত্রীসহ বিএনপি নেতারা ত্রাণ বিতরণের জন্য সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।










