ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে বাঁধের ১৬টি জলকপাট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৭:৫৪

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে বাঁধের ১৬টি জলকপাট

ভারি বৃষ্টিপাতের ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সেজন্য শনিবার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের ১৬টি স্পিলওয়েই খুলে দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার রাতে কাপ্তাই হ্রদের পানি নিষ্কাশন সম্পর্কিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাচমেন্ট এরিয়ায় সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের ফলে হ্রদের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। বর্তমানে ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে হ্রদের পানির উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে। ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

এ বিষয়ে ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে ছয় ইঞ্চি উচ্চতায় পানি ছাড়ার প্রস্তুতি চলছে। কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বাঁধের ওপর পানির চাপ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত