বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর যুক্তরাষ্ট্রের
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৭:৪২ আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৭:৪৮

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সংক্রান্ত নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মের আওতায় কেন্দ্রীয় সরকারের অনুমতি না থাকলে বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না।
তাছাড়া একাডেমিক প্রোগ্রাম বদল এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্য বিশ্ববিদ্যালয় বা কলেজে স্থানান্তরের সুযোগও সীমিত করা হবে। এতদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতি দেওয়ার ক্ষমতা রাখত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, আগামী সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। ভিসার অপব্যবহার রোধ এবং নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করা এর উদ্দেশ্য।
শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস’ নতুন নিয়মকে ‘ভুল সিদ্ধান্ত’ ও ‘অপ্রয়োজনীয়’ বলে সমালোচনা করেছে।
এতদিন এফ-১ শিক্ষার্থী ভিসা এবং জে-১ এক্সচেঞ্জ ভিসাধারীরা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নীতির আওতায় যুক্তরাষ্ট্রে পড়াশুনা শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারতেন। কিন্তু নতুন নিয়মে তাদের যুক্তরাষ্ট্রে থাকার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, “দশকের পর দশক বিদেশি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে হাজারও মানুষ যুক্তরাষ্ট্রে থাকতে একের পর এক কোর্সে ভর্তি হয়ে আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করছে।”
যুক্তরাষ্ট্রে বেশির ভাগ স্নাতক ডিগ্রি শেষ করতে সাধারণত চার বছর লাগলেও পিএইচডি-সহ উচ্চতর পর্যায়ের অনেক কোর্স শেষ করতে এর চেয়ে বেশি সময় লেগে যায়।
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশই গ্র্যাজুয়েশন পর্যায়ের কোর্সে পড়াশোনা করে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ভর্তি হয় তারা। এসব কোর্স শেষ করা এবং গবেষণার ফল প্রকাশ করতে সাধারণত বেশি সময় লাগে।
তাছাড়া, গবেষণার জন্য তহবিল ঘাটতি বা ব্যক্তিগত নানা কারণেও অনেক শিক্ষার্থীর পড়াশোনা শেষ করতে অতিরিক্ত সময় লেগে যায়।
নতুন নিয়মে, পড়াশুনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়া বা ভিসাকে অন্য ভিসায় পরিবর্তন করতে মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে। আগে এর জন্য ৬০ দিন সময় নির্ধারিত ছিল।
বিদেশি শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়ে আসা অলাভজনক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস’ (নাফসা) নতুন নিয়মের সমালোচনা করেছে।
এই নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং অভিবাসন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনারই অংশ।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










