ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

চকরিয়ায় অটোরিকশা থামিয়ে দোকানিকে গুলি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২২:২৬

চকরিয়ায় অটোরিকশা থামিয়ে দোকানিকে গুলি

কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা থামিয়ে মো. রমিজ উদ্দিন (৪২) নামের এক মুদিদোকানিকে গুলি করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। রমিজ উদ্দিন পালাকাটা এলাকার বাসিন্দা। তিনি বাড়ির পাশে একটি মুদিদোকান পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তির পরিবারের সদস্যদের ভাষ্য, আজ দুপুরে চিরিংগা ইউনিয়নের মাছঘাট স্টেশন থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রমিজ উদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুই যুবক অটোরিকশাটির গতি রোধ করেন। পরে তারা রমিজকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে চলে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, রমিজের বুকের ডান পাশে একটি গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় রমিজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তিনি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে হামলার অভিযোগ করেন। তবে ওই বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযোগে নাম আসা ব্যক্তিরা এলাকায় নেই। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত