পাকিস্তানে অবস্থানরত নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৭:২৪ আপডেট : ০৭ মে ২০২৫, ১৭:৪০

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও এর জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সফরে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলতে যাওয়া রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশাওয়ার জালমি)-এর সুরক্ষাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হিসেবে দেখছে বিসিবি।
এক বিবৃতিতে বিসিবি জানায়, “গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটার রিশাদ ও নাহিদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (ভুলক্রমে পূর্বে ফারুক আহমেদ লেখা হয়েছিল) সরাসরি পিএসএল প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে জানিয়েছে বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয়ে নেয়া হচ্ছে নিরাপত্তাব্যবস্থা।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে কমপক্ষে ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানায় তারা। অন্যদিকে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
১৮ মে পিএসএলের ফাইনালের পরই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের জাতীয় দলের। লিটন দাস, মুস্তাফিজুর রহমানসহ স্কোয়াডের খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরাতে সিরিজ শেষে ২১ মে পাকিস্তানে প্রবেশ করবেন বলে আগে নির্ধারিত ছিল। তবে সাম্প্রতিক সংঘাতের জেরে সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিসিবি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা মন্তব্য না করলেও পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে, এমনটাই বোঝা যাচ্ছে বোর্ডের বক্তব্য থেকে।
পাকিস্তানে চলমান নিরাপত্তা ঝুঁকির মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আপাতত বিসিবির প্রথম অগ্রাধিকার।
বাংলাদেশ জার্নাল/এজেএইচ










