সিলেট টেস্টে: ম্যাচ শেষ দিনে, জয়ের খুব কাছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮:১৩

সিলেট টেস্টের চতুর্থ দিনে নতুন বলে তাইজুল ইসলামকে আক্রমণে আনা নিয়ে শুরুতে কিছুটা প্রশ্ন উঠলেও, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
নতুন বলে প্রথম বলেই বাউন্ডারি হজম করলেও পরের ওভারেই দুর্দান্ত এক ডেলিভারিতে পাকিস্তানের সালমান আলি আগাকে বোল্ড করেন তাইজুল। ভেঙে দেন গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচে পাকিস্তানকে স্থিতিশীল হতে দিচ্ছিল না।
এর পরের ওভারেই আরও একটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান তিনি। শেষ বিকেলে তাইজুলের এই আঘাতেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে ওঠে।
দিন শেষে পাকিস্তান ৭ উইকেটে ৩১৬ রান করেছে, লক্ষ্য ৪৩৭ রান। জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ১২১ রান, আর বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান দিন শেষে অপরাজিত থাকেন। শান মাসুদ ও সালমান আলি আগা দুজনই ৭১ রানে আউট হন।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম একাই নেন ৪ উইকেট। নাহিদ রানা পেয়েছেন ২টি, আর মিরাজ একটি উইকেট তুলে নেন।
দিনের শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক ছিল। পাকিস্তান ধীরে শুরু করলেও পরে বাবর আজম ও শান মাসুদ দ্রুত রান তুলতে থাকেন। প্রথম সেশনে তারা তোলে ১০১ রান।
নাহিদ রানা ও মিরাজের আঘাতে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। বাবর আজম আউট হন ৪৭ রানে, আর শান মাসুদ থামেন ৭১ রানে।
তবে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলেন সালমান ও রিজওয়ান। ১৩৪ রানের জুটি গড়ে তারা ম্যাচে পাকিস্তানকে টিকিয়ে রাখেন। ৮৬ বলে ফিফটি করেন রিজওয়ান এবং ৭৪ বলে ফিফটি করেন সালমান।
শেষ পর্যন্ত নতুন বল হাতে তাইজুল ইসলামের ঘূর্ণিতেই ভেঙে যায় এই জুটি। এরপর দ্রুত আরও উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে সফরকারীরা।
টেস্ট ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮ রান, যা গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে জিততে হলে নতুন বিশ্বরেকর্ড গড়তে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: ৩১৬/৭ (৮৬ ওভার, লক্ষ্য ৪৩৭)বাংলাদেশ জার্নাল/এনএম










