ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

বিশ্বকাপে খেলতে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৪:৫৬

বিশ্বকাপে খেলতে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা
ছবি: সংগৃহীত

চলমান সংঘাত আর চরম কূটনৈতিক উত্তেজনার মাঝে অবশেষে কাটল বড় অনিশ্চয়তা। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা পেলেন ইরানের ফুটবলাররা।

দীর্ঘ জটিলতা শেষে ইরানি স্কোয়াডকে আমেরিকায় ঢোকার অনুমতি দেওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। এছাড়া, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে প্রশাসনের একজন কর্মকর্তাও আলাদাভাবে খবরটি নিশ্চিত করেছেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধাবস্থা এখনও কাটেনি। বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি বেশ থমথমে। আর এমন বৈরী আবহাওয়ার মধ্যে ভিসা পাওয়ার মাধ্যমে নিশ্চিত হলো যে, ইরান বিশ্বের সর্বোচ্চ ফুটবল আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে বারাক বলেন, 'যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে খেলার জন্য ইরান জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আঙ্কারার মার্কিন দূতাবাস চমৎকার কাজ করেছে। আমাদের এই কর্মীদের নিয়ে আমি গর্বিত।'

রাষ্ট্রদূত যোগ করেন, 'খেলাধুলা সব সীমানা ছাড়িয়ে যায়। আমরা বিশ্বজুড়ে সব প্রতিযোগী ও ভক্তদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা ইরানের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা কোনোভাবেই ইরান দলকে এই ব্যবস্থার অপব্যবহার করতে দেব না। তারা যেন যুক্তরাষ্ট্রে কোনো ছদ্মবেশী সন্ত্রাসী ঢোকাতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর থাকব।'

শনিবার তুরস্ক থেকে স্পেনে যাওয়ার কথা রয়েছে ইরানি স্কোয়াডের। সেখান থেকে পরদিন মেক্সিকোতে নিজেদের প্রস্তুতি ক্যাম্পে পৌঁছাবে তারা। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ চলাকালীন তারা সেখানে অবস্থান করে অনুশীলন করবে। যদিও তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হয় যুদ্ধ। এর ফলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হওয়ায় শুরুতে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্প করার কথা থাকলেও তা সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়েছে ইরান ফুটবল দল।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত