ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

স্পেনের সামনে বিপর্যস্ত পর্তুগাল, পারফরম্যান্সে বাড়ছে উদ্বেগ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২১:৪৬

স্পেনের সামনে বিপর্যস্ত পর্তুগাল, পারফরম্যান্সে বাড়ছে উদ্বেগ
ছবি: সংগৃহীত

উচ্ছ্বাসের চেয়ে বেশি ছিল স্বস্তি। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ সময়ের মহানাটকীয়তার পর কোনোরকমে জিতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছিল পর্তুগাল। তবে সেই স্বস্তির স্থায়িত্ব খুব বেশি নয়। এখন তাদেরকে ঘিরে শঙ্কা আর দুর্ভাবনার জায়গাই বেশি। আগের ম্যাচে নাহয় উতরে যেতে পেরেছে তারা। এবার সামনে স্পেন।

গত বছর স্পেনকে হারিয়েই উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে পর্তুগাল। তবে তারকায় ঠাসা দল নিয়েও এবারের বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে আশার জায়গা খুব কম। প্রত্যাশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি দলটি।

দলটির শক্তির গভীরতা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও পারফরম্যান্সে তার প্রতিফলন নেই। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে প্রতিটি পজিশনে তারকা খেলোয়াড় থাকলেও মাঠের খেলায় তা দেখা যাচ্ছে না। কেবল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচেই সামর্থ্যের কাছাকাছি খেলেছে তারা। বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষের জন্য তারা তেমন ভীতি তৈরি করতে পারেনি।

‘কে’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে ড্র করে কলম্বিয়ার পেছনে থেকে রানার্স আপ হয়েছে পর্তুগাল। ক্রোয়েশিয়ার বিপক্ষেও তারা কোণঠাসা অবস্থায় থেকেও কোনোরকমে জয় নিশ্চিত করেছে। তবে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মাঝমাঠের পারফরম্যান্স। ব্রুনো ফের্নান্দেস ও ভিতিনিয়ার মতো খেলোয়াড়রা ক্লাব পর্যায়ে দুর্দান্ত খেললেও জাতীয় দলে তাদের পারফরম্যান্স বিবর্ণ।

রক্ষণভাগও মাঝেমধ্যে নড়বড়ে হয়ে উঠছে। শুধু গোলরক্ষক দিয়োগো কস্তাই ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারছেন।

আক্রমণভাগে রোনালদোর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়। ম্যাচে তার পেনাল্টিতে সমতায় ফেরে পর্তুগাল। তবে সামগ্রিকভাবে তার পারফরম্যান্স গড়পড়তা বলেই মনে হচ্ছে, অনেক সময় তাকে মাঠে খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়ছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে বদলি করা হলে মাঠ ছাড়ার সময় কোচ রবের্তো মার্তিনেসের দিকে তার শীতল দৃষ্টি বিতর্ক তৈরি করেছে। নকআউট পর্বে তাকে কীভাবে ব্যবহার করা হবে—এ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা যাচ্ছে দলের সমন্বয়ের অভাব। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, আগ্রাসন ও উজ্জীবিত মনোভাবের ঘাটতি স্পষ্ট।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেকর্ড’ লিখেছে, “জাতীয় দলে থাকা এই ফুটবলাররা এখনও সত্যিকারের দল হয়ে উঠতে সংগ্রাম করছে।”

এখন পর্তুগালের জন্য সময় কম। দ্রুত নিজেদের গুছিয়ে না নিলে স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষায় বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে মার্তিনেসের দলকে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত