ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিশ্বকাপ ফাইনালে বিরতি ১৭ মিনিট, ১১ মিনিট মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিবার

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৭:৪৫

বিশ্বকাপ ফাইনালে বিরতি ১৭ মিনিট, ১১ মিনিট মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিবার
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের ধারাবাহিকতায় ফাইনালেও থাকছে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনা। তবে হাফটাইমের বিরতি দীর্ঘ হওয়ার আশঙ্কা নিয়ে যে আলোচনা চলছিল, তার অবসান ঘটিয়েছে ফিফা।

সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফাইনালের হাফটাইমের বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট হবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিরতি ৩০ থেকে ৪০ মিনিট হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। এ নিয়ে ফুটবল–বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, এত দীর্ঘ বিরতিতে ম্যাচের ছন্দ নষ্ট হতে পারে।

ফিফা ইতোমধ্যে আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে। প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের তুলনায় এবার মাত্র দুই মিনিট বেশি সময় রাখা হয়েছে।

শাকিরা

এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে।

ফাইনালের বিরতিতে পারফর্ম করবেন বিশ্বসংগীতের জনপ্রিয় তিন তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ।

এ ছাড়া আগের মতোই ম্যাচে থাকবে হাইড্রেশন ব্রেক। চলমান বিশ্বকাপে প্রচণ্ড গরমের কারণে প্রতি অর্ধে একটি করে পানি পানের বিরতি রাখা হয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেসহ আরও কয়েকজন শিল্পীর নাম আলোচনায় এলেও, শেষ পর্যন্ত শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পারফরম্যান্সই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত