ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ইয়ামালকে থামানোর উপায় জানালেন স্কালোনি, তবে মজার ছলে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২০:৩৪

ইয়ামালকে থামানোর উপায় জানালেন স্কালোনি, তবে মজার ছলে
ছবি: সংগৃহীত

মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের অন্যতম বড় অস্ত্র লামিন ইয়ামালকে কীভাবে আটকানো হবে—এমন প্রশ্নের জবাবে রসিকতা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

ফাইনালের আগে সবচেয়ে বেশি আলোচনায় আছেন স্পেনের ১৯ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ইয়ামালকে কীভাবে আটকাবেন—এমন প্রশ্নের জবাবে স্কালোনি হাসতে হাসতে বলেন, “ইয়ামালকে থামানোর উপায়? ইচ্ছা করে ওকে তার রুমে তালাবন্দি করে রাখি।”

তবে এরপরই তরুণ এই ফুটবলারের প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, “সে অসাধারণ একজন ফুটবলার, ফুটবলের জন্য এক অমূল্য সম্পদ। এখনও সে অনেক তরুণ, ভবিষ্যতে এই খেলাকে আরও অনেক কিছু উপহার দেওয়ার সামর্থ্য তার আছে।”

স্কালোনি জানান, শুধু ইয়ামাল নয়, পুরো স্পেন দলকেই সমান গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে গত বছরের ডিসেম্বর থেকেই লুইস দে লা ফুয়েন্তের দলকে বিশ্লেষণ করছে তার কোচিং স্টাফ।

স্পেনকে নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, “স্পেনের সবকিছুই আমাদের ভাবাচ্ছে। অবশ্য আমরা চেষ্টা করব তাদের কোচকে যেন হোটেলেই রেখে আসা যায়!”—এই কথা বলেও তিনি হাস্যরস করেন।

এরপর তিনি বলেন, “ডিসেম্বর থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেনকে বিশ্লেষণ করছি। তবে অন্য দলগুলোর চেয়ে বেশি নয়। সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কাজ করেছি। অতিরিক্ত বিশ্লেষণও ভালো নয়। তারা কীভাবে খেলে, সেটা আমরা ভালোভাবেই জানি।”

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়। বিশ্বকাপের এই ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, “আমি জানি না। আমি কী করে জানব? এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। মেসি সবসময়ই আমাদের চমকে দেয়। এই প্রশ্নটা তার জন্যই। এ নিয়ে আমি তার সঙ্গে কোনো আলোচনা করিনি।”

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত