ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

মোবাইল থানায় থাকা সত্বেও হচ্ছে ইসলামবিরোধী পোস্ট

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:০৯

মোবাইল থানায় থাকা সত্বেও হচ্ছে ইসলামবিরোধী পোস্ট
ছবি: ইন্টারনেট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক হিন্দু যুবকের ফেইসবুক আইডি হ্যাক করে ইসলামবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের মিঠুন বিশ্বাস (৪০) বুধবার দুপুরে গণঅধিকার পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মিঠুন বলেন, “আমি পেশায় কাঠমিস্ত্রি। প্রায় এক বছর আগে শখের বশে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে একটি ফেইসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। কিছুদিন পর আমার আইডিটি হ্যাক হয়ে যায় এবং কেউ বা কারা আমার আইডি থেকে ইসলামবিরোধী উসকানিমূলক পোস্ট দিতে শুরু করে। আমি তখন ইউএনও এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। তারা আমাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।”

মিঠুন আরও জানান, “পরে ১৪ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া থানায় জিডি করি এবং সাবেক ইউপি সদস্যের পরামর্শে ফোনটি থানায় জমা দিয়ে বাটন মোবাইল ব্যবহার করতে শুরু করি। তবে রোজার ঈদের তিনদিন পর থেকে আবার আমার নামের ফেইসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্ট দেওয়া শুরু হয়। এতে স্থানীয়রা আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন এবং আমি আতঙ্কিত হয়ে পড়ি। এরপর আবার থানায় জিডি করি। আমি চাই, যারা আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করছে, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।”

এ বিষয়ে তারাইল এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শিকদার বলেন, “মিঠুন একজন সাধারণ ছেলে, তার পড়াশোনা কম এবং কাঠমিস্ত্রির কাজ করে। আগের ঘটনার পর তার ফোনটি থানায় জমা দিয়েছিলাম। কিন্তু এখনো তার নাম ব্যবহার করে উসকানিমূলক পোস্ট করা হচ্ছে। সে নির্দোষ প্রমাণিত হয়েছে। ধর্মীয় উসকানিমূলক পোস্টদাতাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত।”

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, “মিঠুনের মোবাইল ফোন আমাদের কাছে রয়েছে, তবে এখনও তার আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ধারণা করা হচ্ছে, একটি দুষ্কৃতকারী চক্র তাকে ফাঁসানোর জন্য এই কাজ করে থাকতে পারে।”

বাংলাদেশ জার্নাল/এজেএইচ

  • সর্বশেষ
  • পঠিত