কারিগরি শিক্ষায় পাকিস্তানের সঙ্গে কাজ করার সুযোগ দেখছেন শিক্ষামন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২০:৫০

কারিগরি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার সুযোগ দেখছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২১ জুন) ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। দক্ষতার উন্নয়নে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে কাজ করার সুযোগ রয়েছে।"
এদিন সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার। পরে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়।
সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
হাই কমিশনার ইমরান বলেন, “পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশ শিক্ষার উন্নয়নে একত্রে কাজ করছে। শিক্ষায় বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতার সুযোগ রয়েছে।”
এসময় তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করতে মন্ত্রীকে আহ্বান জানান।
পাকিস্তানের হাই কমিশনার শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
বৈঠক শেষে হাই কমিশনার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।
এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক,
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াজিফ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










