ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কারওয়ানবাজারে সিগন্যাল অমান্যে নিষেধ দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৭:৪০

কারওয়ানবাজারে সিগন্যাল অমান্যে নিষেধ দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজারে সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ভাঙচুরের ঘটনায় একজনকে কারাদণ্ড ও দুজনকে জরিমানা করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ দণ্ড দিয়েছে বলে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।

দণ্ড পাওয়া তিনজন হলেন- আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)।

এর মধ্যে ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’ এর পরিচালক আফিয়াকে ১০ হাজার টাকা এবং ওই গ্রুপের নিরাপত্তা কর্মী রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘অতিথি গ্রুপ’ এর আরেক নিরাপত্তা কর্মী শামসুজ্জামানকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনায় ডিএমপি বলছে, ‘‘শনিবার বিকালে হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেইট থেকে দুটি গাড়ি প্রধান রাস্তায় বের হয়। তখন উত্তর পাশের যানবাহন চলাচলের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন। তখন গাড়ি ট্রাফিক সিগন্যাল অমান্য করে সামনে এগোতে থাকে। গাড়ি থেকে চার-পাঁচজন নেমে এসে দায়িত্বরত পুলিশ সদস্যকে বলেন, ‘গাড়িতে ভিআইপি আছে, পেছানো যাবে না’।

এসময় ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনি ব্যবস্থা নিতে গাড়িটির নম্বর প্লেটের ভিডিও করতে গেলে গাড়ি থেকে আফিয়া কনক নেমে পুলিশ সদস্যের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ভেঙে ফেলেন। ওই পুলিশ সদস্যকে মারধরের কথাও বলা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।

ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা না গেলেও ‘অতিথি গ্রুপের’ দুই নিরাপত্তা কর্মী রাজু ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। রোববার আফিয়া কনককে ডেকে নেওয়া হয়। এরপর ম্যাজিস্ট্রেট শুনানি ও সাক্ষ্যপ্রমাণ নিয়ে তাদের দণ্ড দেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত