ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৬:৫৪

জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নতুন অর্থবছরের শুরু থেকে ‘ধাপে ধাপে’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২০ দিন আগে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে নবম জাতীয় বেতন কমিশন।

বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়নে তৎকালীন অন্তর্বর্তী সরকারের অর্থ বরাদ্দ করে যাওয়ার কথাও বলেন তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের পর সামাজিক নিরাপত্তা খাতে প্রতিশ্রুতি বাস্তবায়ন, পশ্চিম এশিয়া যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন কাঠামো বাস্তবায়ন করতে পারেনি বিএনপি সরকার।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে, প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছর নতুন বেতন কাঠামোর মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। পরের অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। তৃতীয় বা সবশেষ ধাপে (২০২৮-২৯ অর্থবছরে) মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।

সুপারিশ জমা দেওয়ার সময় নবম জাতীয় বেতন কমিশন প্রধান জাকির আহমেদ খান বলেছিলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পরে নতুন বেতন কমিশন গঠিত হয়।

নতুন কাঠামোতে কোন গ্রেডে কত বেতন?

নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ অনুপাতে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যা ১:৯.০৭৬। এর আগের বেতনকাঠামোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো।

এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতনকাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়াসহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।

গ্রেড ১: ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা। গ্রেড ২: ৬৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা। গ্রেড ৩: ৫৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা। গ্রেড ৪: ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা। গ্রেড ৫: ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা। গ্রেড ৬: ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা। গ্রেড ৭: ২৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা। গ্রেড ৮: ২৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা। গ্রেড ৯: ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা। গ্রেড ১০: ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা। গ্রেড ১১: ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা। গ্রেড ১২: ১১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা। গ্রেড ১৩: ১১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা। গ্রেড ১৪: ১০,২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা। গ্রেড ১৫: ৯,৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা। গ্রেড ১৬: ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা। গ্রেড ১৭: ৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা। গ্রেড ১৮: ৮,৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা। গ্রেড ১৯: ৮,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা। গ্রেড ২০: ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত