ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৪:০৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। ওই সময় নিউ জিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণেই তিনটি ম্যাচ খেলবে তারা।

আগামী অক্টোবরে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবেন নিগার সুলতানা-নাহিদা আক্তারদের। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের। কিন্তু আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পরিবর্তন হওয়ায় বদল এলো অস্ট্রেলিয়া-বাংলাদেশের সিরিজে।

মেয়েদের আইসিসির এই নতুন টুর্নামেন্টটি আগামী বছর শ্রীলঙ্কায় জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল। তবে সবশেষ আইসিসি সভায় সেই টুর্নামেন্ট ফেব্রুয়ারিতে এগিয়ে আনা হয়েছে।

আর এই কারণেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি পরিবর্তনে রাজি হওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তারা।

“বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতার জন্য। বিশেষ করে, নিউ জিল্যান্ড দুই বার অস্ট্রেলিয়া সফর করতে রাজি হওয়ায় কৃতজ্ঞ।”

পূর্ব নির্ধারিত সূচিতে আগামী ৯ থেকে ২২ অক্টোবর ব্রিজবেন ও সিডনিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়ায় এখন ১৪ অক্টোবরই শেষ হবে নিগারদের অস্ট্রেলিয়া সফর।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে তিনটি টি-টোয়েন্টি হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশ সিরিজের মতো নিউ জিল্যান্ড সিরিজের সূচিতেও পরিবর্তন এনেছে সিএ। দুই দফায় অস্ট্রেলিয়া সফর করবে তারা। প্রথম দফায় ১৮, ২০ ও ২২ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা।

উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির পর দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া সফর করবে নিউ জিল্যান্ডের মেয়েরা। মার্চের ৬, ৮ ও ১০ হবে দুই দলের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ক্যানবেরায় প্রথম ওয়ানডের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রিজবেনের জাঙ্কশন ওভালে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত