বার কাউন্সিল পরীক্ষার প্রথম রিভিউয়ের ফল বাতিল করাটা অবৈধ: হাই কোর্ট
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ২০:০৭

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার প্রথম রিভিউয়ের ফল বাতিলকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। একই সঙ্গে প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে করা রিট আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী বদরুদ্দোজা বাদল, ফয়সাল মাহমুদ ফয়েজী ও এম আশরাফুল ইসলাম।
রায়ের পর বদরুদ্দোজা বাদল বলেন, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি তিন নম্বর গ্রেস দিয়ে রিট আবেদনকারীসহ আরও অনেককে পাস করিয়েছিল। কিন্তু পাসের পর দ্বিতীয় রিভিউয়ের নামে কারও দরখাস্ত ছাড়াই স্বউদ্যোগে ওই ফল বাতিল করে তাদের ফেল করানো হয়। এটি কোনো আইনে বা বিধিতে নেই। হাই কোর্ট বার কাউন্সিলের ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। আমি আশা করব, বার কাউন্সিল বিষয়টিকে আর দীর্ঘায়িত না করে বা আপিল বিভাগে না গিয়ে, ভাইভার তারিখ দিয়ে তাদের আইনি পেশায় আসার সুযোগ দেবে।
আরেক আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, আদালত অভিমত দিয়েছেন যে, যখন কোনো কর্তৃপক্ষকে অবাধ ক্ষমতা দেওয়া হয়, তখন যুক্তিসঙ্গতভাবে নেওয়া সিদ্ধান্ত বাইরের কোনো চাপে বাতিল করা যায় না। পিটিশনার ৬৪০ জনসহ মোট ১ হাজার ৯১৪ জন রিভিউতে পাস করেছিলেন। তারা কেউ খাতা পুনঃপরীক্ষণ চাননি। যারা চাননি, তাদের খাতা নতুন করে পাঠিয়ে ফেল করানোটা অযৌক্তিক হয়েছে।
রায়ের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, আদালত প্রথম ফলকে আইনি ও পরেরটিকে বেআইনি ঘোষণা করেছেন। যারা প্রথম রিভিউতে ১ হাজার ৯১৪ জনকে একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষায় বসার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২৮ জুন বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশ হয় ২৫ অক্টোবর, যেখানে ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হন। অকৃতকার্য হওয়া প্রার্থীদের মধ্যে ৭ হাজার ৫৫৮ জন (প্রায় ৮২ শতাংশ) খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেন।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি ৪৭ নম্বর পাওয়া প্রার্থীদের ৩ নম্বর ‘গ্রেস’ দিয়ে ৫০ নম্বর পাস মার্ক ধরে গত ১৮ নভেম্বর রিভিউয়ের ফল প্রকাশ করে।
কিন্তু প্রথম রিভিউয়ের পর অকৃতকার্যরা পুনরায় খাতা মূল্যায়নের দাবি জানালে ২৪ নভেম্বর বার কাউন্সিল এক জরুরি বিজ্ঞপ্তিতে ১৮ নভেম্বরের রিভিউ ফল বাতিলের কথা জানায় এবং প্রতিটি উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে দ্বিতীয় রিভিউ শেষে নতুন করে ফল ঘোষণা করে উত্তীর্ণদের ভাইভা নেওয়া হয়।
বার কাউন্সিলের প্রথম রিভিউ ফল বাতিলের এই সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করেই ৬৩২ জন পরীক্ষার্থী হাই কোর্টে রিট আবেদন করেছিলেন, যার চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দিল।
বাংলাদেশ জার্নাল/সিএম










