ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আলফা’র টিজারে দুর্ধর্ষ আলিয়া

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২২:০৮

আলফা’র টিজারে দুর্ধর্ষ আলিয়া
ছবি: সংগৃহীত

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। বুধবার (১০ জুন) প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। আর প্রথম ঝলকে অ্যাকশন-গার্ল হিসেবে চমকে দিয়েছেন অভিনেত্রী।

তবে ছবিটি নির্মাণে নকলের অভিযোগ উঠে এসেছে।

অনেকে বলছেন, ‘আলফা’ নির্মিত হয়েছে ১৯৯০ সালের ফরাসি থ্রিলার ছবি ‘লা ফেমে নিকিতা’ অবলম্বনে। টিজারে অধিকাংশ দৃশ্যের সঙ্গে ওই ছবির হুবহু মিল খুঁজে পাওয়া গেছে।

শুরুতে দেখা যায়, তরুণী আলিয়া ভাটের সঙ্গে একসঙ্গে খাবার খাচ্ছেন তার বাবা ববি দেওল। আলিয়ার ১৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি কার্ড দেন তিনি; যেখানে একটি কক্ষের নম্বর লেখা থাকে। ববি তাকে বলেন, এত বছর ধরে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবার সেটা কাজে লাগানোর সময় এসেছে। অতঃপর আলিয়ার ধুন্দুমার অ্যাকশনের কিছু দৃশ্য দেখানো হয় টিজারে।

এরকম দৃশ্য ‘লা ফেমে নিকিতা’ ছবিতেও রয়েছে। অনেকে ইনস্টাগ্রাম ও এক্স-এ দুই ছবির সামঞ্জস্যপূর্ণ দৃশ্যগুলো নিয়ে সমালোচনা করছেন। এখানেই শেষ নয়, ‘আলফা’র টিজারের একটি সংলাপ ২০১৪ সালের আমেরিকান ছবি ‘আমেরিকান স্নাইপার’-এর সঙ্গে হুবহু মিলে গেছে। এগুলো কাকতালীয় নাকি অনুপ্রেরণা, তা নিয়ে এখনো ‘আলফা’ টিম কোনো প্রতিক্রিয়া জানায়নি।

‘আলফা’য় আলিয়া ও ববির সঙ্গে আরো থাকছেন শর্বরী ওয়াগ, অনিল কাপুর প্রমুখ। ৩ জুলাই ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত