ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

কাতারে নিহত ৫ বাংলাদেশির লাশ আসছে মঙ্গলবার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২০:১৩

কাতারে নিহত ৫ বাংলাদেশির লাশ আসছে মঙ্গলবার

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ মঙ্গলবার সকালে দেশে আসছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এই পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে।

নিহত প্রবাসীরা হলেন-সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ আফনান (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমেদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

সোমবার (২৯ জুন) কাতারে বাংলাদেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচজনের লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কাতারের সময় সোমবার রাত সোয়া ১০টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

এরপর মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। গেল ২১ মে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই পাঁচ প্রবাসী মারা যান।

ঘটনার দিন ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত আরেকজন ভারতীয় নাগরিক। তাদের লাশ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা ছিল।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত