ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বনানীতে মঙ্গলবার সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৪:৪১

বনানীতে মঙ্গলবার সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার

বরেণ্য চারুশিল্পী, নাট্যনির্দেশক ও পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ মুস্তাফা মনোয়ারকে মঙ্গলবার বিকালে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। সোমবার (২৯ জুন) দুপুরে তার মরদেহ ধানমন্ডির এক নম্বর সড়কে নিজের বাসভবনে নিয়ে যাওয়া হয়। দাফনের আগে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণ ও কেন্দ্রীয় শহীদ মিনারের নেওয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য।

সেখানে চিত্রশিল্পী মনিরুজ্জামান বলেন, আগামীকাল সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ সর্বপ্রথমে নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিটিভি থেকে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানেই রাখা হবে বলে জানিয়েছেন চিত্রশিল্পী মনিরুজ্জামান।

তিনি আরও জানিয়েছেন শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা যেন শেষ বিদায় জানাতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল বিকেলের মধ্যে বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। সব্যসাচী এই শিল্পীর বয়স হয়েছিল ৯১ বছর।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার ভাগ্নি অভিনেত্রী নিমা রহমান।

মনিরুজ্জামান জানিয়েছেন, মুস্তফা মনোয়ারের মরদেহ হাসপাতাল থেকে ধানমন্ডির তাকওয়া মসজিদ নেওয়া হয়। সেখানে গোসল সেরে দুপুর ১২ টায় তার নিজ বাসভবনে আনা হয়েছে। সেখানে বিকাল পর্যন্ত মরদেহ থাকবে। এখানে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা রাখা হবে।

বয়সের কারণে নানা রোগ বাসা বেঁধেছিল মুস্তাফা মনোয়ারের শরীরে। প্রোস্টেট ক্যানসারের কারণে বিগত মাসগুলোতে কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখান থেকে আর তিনি ফিরলেন না।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত