অসুস্থ দীপু মনি চিকিৎসা শেষে ফিরলেন মুন্সিগঞ্জ জেলা কারাগারে
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৫:৫৯ আপডেট : ২৯ জুন ২০২৬, ১৬:০৯

মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (৬১)। সোমবার (২৯ জুন) ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে দুপুরে তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। গতকাল রোববার রাত থেকে তিনি অসুস্থ বোধ করলে আজ ভোরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে পাঠানো হলে তাকে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফেরত পাঠানো হয়। বেলা একটার দিকে তিনি কারাগারে পৌঁছান।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরিফুজ্জামান গণমাধ্যমকে বলেন, দীপু মনি কিডনিসংক্রান্ত সমস্যায়ও ভুগছিলেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। সকাল ৬টা পর্যন্ত সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে গ্রেপ্তার হন দীপু মনি। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন।
বাংলাদেশ জার্নাল/সিএম









