ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আমেরিকা ও কানাডায় ‘রইদ’-এর মুক্তি ও বৈশ্বিক স্বীকৃতি

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১:০৮  
আপডেট :
 ২৯ জুন ২০২৬, ২১:১৫

আমেরিকা ও কানাডায় ‘রইদ’-এর মুক্তি ও বৈশ্বিক স্বীকৃতি
ছবি: সংগৃহীত

মেজবাউর রহমান সুমন পরিচালিত মুভি ‘রইদ’ এখন দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী আলো ছড়াচ্ছে। আমেরিকা ও কানাডায় ছবিটি পরিবেশক বায়োস্কোপ ফিল্মস।

জানা গেছে, কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই প্রথম আমেরিকার বিখ্যাত ব্রডকাস্ট কোম্পানি এনপিআর-এর মাধ্যমে তাদের প্রায় ১০০০টি স্টেশনে অফিসিয়ালি রিভিউয়ের জন্য নির্বাচিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অস্কার বা বাফটা মতো আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্রডকাস্ট প্ল্যাটফর্মে আলোচনায় স্থান পাওয়া গুরুত্বপূর্ণ একটি ধাপ।

এ বছর বায়োস্কোপ ফিল্মস তাদের ৫৫তম ডিস্ট্রিবিউশন হিসেবে ‘রইদ’ আমেরিকা ও কানাডার একাধিক সিনেমা হলে মুক্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিবছরই একটি চলচ্চিত্রকে অস্কার মনোনয়নের প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে।

বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, এনপিআর-এর মতো বড় প্ল্যাটফর্মে কোনো বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রথম নির্বাচিত হওয়া একটি বড় অর্জন।

এ প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “আমরা প্রতিবছরই একটি বাংলা ছবি নিয়ে সর্বোচ্চ প্ল্যাটফর্মের স্বীকৃতির জন্য চেষ্টা করি। এই পথ মসৃণ নয়, তবে অসাধ্যও নয়। আমরা বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই। ‘রইদ’ নিয়ে এনপিআর-এ এই সিলেকশন আমাদের বড় সাফল্য।”

ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, “ছবিটি নির্মাণ করেছি নিজের ভালোবাসা আর মায়া থেকে। এরপর ছবিটি বিভিন্ন মানুষের কাছে যেতে থাকে। একটি বাংলাদেশি মুভি নিয়ে আমেরিকার জাতীয় রেডিওতে দীর্ঘ আলোচনা হবে—এটি একজন নির্মাতা হিসেবে আনন্দের।”

ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত