ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চা শ্রমিকদের মজুরি পুননির্ধারণের বৈঠক অগাস্টে: শ্রমমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২১:৫৩

চা শ্রমিকদের মজুরি পুননির্ধারণের বৈঠক অগাস্টে: শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুননির্ধারণে আগামী অগাস্টে মজুরি বোর্ডের বৈঠক হবে বলে সংসদে তথ্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় মৌলভীবাজার-২ আসনে বিএনপির সংসদ সদস্য শওকতুল ইসলাম চা-শ্রমিকদের সর্বনিম্ন দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রস্তাব উত্থাপন করেন।

এই প্রস্তাবের ওপর আলোচনায় আরো কয়েকজন সংসদ সদস্য চা শ্রমিকদের বর্তমান মজুরিকে অপর্যাপ্ত হিসেবে তুলে ধরে তা বাড়ানোর দাবি তোলেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন বলেন, চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত চা বাগান ১৬৮ থেকে ১৭০টি। এর মধ্যে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়। দেশের মোট উৎপাদিত চায়ের প্রায় ৫০ শতাংশ আসে এই জেলা থেকে।

বিভিন্ন দেশের চা শ্রমিকদের মজুরির সঙ্গে বাংলাদেশের মজুরির তুলনা তুলে ধরে তিনি বলেন, “শ্রীলঙ্কায় দৈনিক মজুরি ৬৫০ থেকে ৭০০ টাকা, কেনিয়ায় ৪৮৩ টাকা, ভারতে ২৫৬ থেকে ৩৩০ টাকা, আর বাংলাদেশে ১৭৮ টাকা।”

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল আলোচনার জবাবে বলেন, “সরকার চা শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সার্বিক জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

“শ্রম আইন অনুযায়ী নির্ধারিত সময় অন্তর চা খাতের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হয়। এ প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শুধু মজুরি বৃদ্ধি নয়, তাদের জীবনযাত্রার সামগ্রিক উন্নয়নও গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন তিনি। বলেন, “শ্রমিকদের উন্নত আবাসন, নিরাপদ পানি, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সুবিধা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আগামী অগাস্ট মাসে চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আবার পুনর্নির্ধারণ করা হবে।”

এ সময় শওকতুল ইসলাম জানতে চান, চা শ্রমিকদের মজুরি কত টাকা বৃদ্ধি করা হবে?

জবাবে শ্রমমন্ত্রী বলেন, “তিন বছর পরপর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির একটি রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী অগাস্টে বৈঠক হবে। আমরা এর প্রতি নজরদারি রাখব, যাতে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়।”

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত