ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:৩৬  
আপডেট :
 ১০ জুলাই ২০২৬, ২২:৫৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৮ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এই নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, এ সময়ের মধ্যে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিরূপ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

কয়েক দিনের টানা বর্ষণ ও বন্যার কারণে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে। এ অবস্থায় জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত