ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বান্দরবানে বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর পরিকল্পনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৯:১০

বান্দরবানে বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর পরিকল্পনা
ছবি: সংগৃহীত

টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা এবং বন্ধ থাকা পর্যটনকেন্দ্রগুলো বৃহস্পতিবার থেকে পুনরায় চালুর পরিকল্পনা করছে বান্দরবান জেলা প্রশাসন।

তবে বর্ষণ ও সার্বিক বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, “আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবহাওয়া ও বন্যা পরিস্থিতি অনুকূলে থাকলে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। একই সঙ্গে পর্যটকদের জন্য বন্ধ থাকা জেলার সব পর্যটন স্পটও খুলে দেওয়া হবে।”

এর আগে গত ৬ জুলাই হঠাৎ শুরু হওয়া ভারি বর্ষণ, পাহাড়ি ঢল, ভূমিধসের আশঙ্কা এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিরুৎসাহিত করে প্রজ্ঞাপন জারি করে।

পরবর্তীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ৮ জুলাই জেলা প্রশাসন আরেকটি প্রজ্ঞাপন জারি করে ওই নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে।

এছাড়া টানা সাত দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। এতে জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয় এবং লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং পর্যটন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

তবে গত কয়েক দিনে বৃষ্টিপাত কমে আসা এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম ও পর্যটন খাত পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত