গোপালগঞ্জে নামল ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৭:২৯

এক বছর আগে এনসিপির পদযাত্রাকে ঘিরে হামলা-সংঘর্ষে গোপালগঞ্জে পাঁচজন নিহত হওয়ার দিনটি ঘিরে সতর্কতার অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সাংবাদিকদের বলেন, ১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র্যাব ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়।
দিনটিকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জকে অন্য জেলা থেকে আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, তাই ১৬ জুলাইকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল করার সময় কাশিয়ানীতে ১৫ জন এবং সদরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম










