ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আন্দোলনেও অনড় সরকার, চট্টগ্রাম ছাড়া সব জেলায় পরীক্ষা চলবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৩  
আপডেট :
 ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৯

আন্দোলনেও অনড় সরকার, চট্টগ্রাম ছাড়া সব জেলায় পরীক্ষা চলবে
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা পেছানোসহ তিন দাবিতে মঙ্গলবার দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ হলেও বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য সব জেলায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার।

মঙ্গলবার রাত ১০টার দিকে ফেইসবুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি লিখেছেন, “আজ (মঙ্গলবার) সকালেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। সর্বসম্মত মতামত এসেছে যে, চট্টগ্রাম বোর্ড ব্যতীত দেশের সকল বোর্ডের পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান। তবে একইসঙ্গে সীমিত সংখ্যক হলেও যেকোনো শিক্ষার্থীর ভোগান্তি কোনোভাবেই কাম্য নয় এবং সেক্ষেত্রে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা রয়েছে।”

আন্দোলনকারীরা বুধবারের পরীক্ষা স্থগিত না হলে সচিবালয় অভিমুখে ‘লং মার্চের’ হুঁশিয়ারি দিলেও সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। বুধবারও নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, “শুধু চট্টগ্রাম বিভাগ ও এই বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের ও এলাকার এইচএসসি ও সমান পরীক্ষা চলবে বলে সোমবার রাতে ঘোষণা এসেছে। আবহাওয়ার পরিস্থিতিও ভালো। বুধবার চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা না হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।”

বুধবার চট্টগ্রাম ছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিনে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া দেশের অন্য জেলাগুলোতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র, ভোকেশনালের উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চতর হিসাববিজ্ঞান পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত বুধবারের পরীক্ষা নিয়ে নতুন কোনো ঘোষণা দেয়নি আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তবে মঙ্গলবার প্রকাশিত কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ রয়েছে বলে স্থানীয় প্রশাসনের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

রাতে পরীক্ষা বিষয়ে জানতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ছাড়া আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তসলিমা বানুও টেলিফোনে সাড়া দেননি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত