ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বুধবার ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস নামে কারখানাটির ফ্যাব্রিকের গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।

সকাল ১০টার দিকে তিনি বলেন, “নয়টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে ডাম্পিংয়ের কাজ চলছে। গুদামের কিছু জায়গায় আগুন এখনো জ্বলছে, তবে তা আর ছড়ানোর শঙ্কা নেই।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

স্থানীয় লোকজন ও কারখানার কর্মীদের বরাতে মিরন মিয়া বলেন, ‘‘গুদামটি বন্ধ অবস্থায় আগুনের ঘটনা ঘটে। ভেতরে ফ্যাব্রিক্স ও কিছু রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেয়।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে গুদামের ভেতরে ডাম্পিংয়ের কাজ চলছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত