ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

বন্যা-পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫৭

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:৫৪

বন্যা-পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জন হওয়ার তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রায় এক সপ্তাহ ধরে চলা এ দুর্যোগে আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ। সাত জেলার আশ্রয়কেন্দ্রে ওঠা পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯।

বুধবার (১৫ জুলাই) বিকালে মন্ত্রণালয়ের বন্যাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, বন্যাকবলিত জেলাগুলোতে এখন আক্রান্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে অতি ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে গেল সপ্তাহে বড় ধরনের বন্যার মুখে পড়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

সরকারের তথ্য অনুযায়ী, এসব জেলার ৫৭টি উপজেলার ৩৩৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়।

জেলাভিত্তিক তথ্য দিয়ে ত্রাণ মন্ত্রণালয় বলেছে, রাঙ্গামাটিতে ৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ৩২ জন (স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩), চট্টগ্রামে ১৫ জন ও মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে কক্সবাজারের ২৫ জন, চট্টগ্রামের ১২ জন, বান্দরবানে ২ জন ও খাগড়াছড়ির ১ জন রয়েছেন।

ত্রাণ কার্যক্রম তুলে ধরে মন্ত্রণালয় বলেছে, বন্যাকবলিত সাত জেলায় নগদ সহায়তা দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। চাল বিতরণ করা হয়েছে ৩ হাজার ২৫০ মেট্রিকটন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত