ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:০৩

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার সড়াডাঙ্গি পৌঁছালে বিপরীত দিক (ঢাকা) থেকে আসা পাবনাগামী ‌‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজনের মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত চার-পাচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

​তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত