৬ টাকা কেজি ফুলকপি, গরুর খাদ্য হচ্ছে কৃষকের ফসল
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪

সিরাজগঞ্জে ফুলকপির দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় প্রান্তিক কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। জেলার বিভিন্ন হাট ও আড়তে ফুলকপির দাম নেমে এসেছে কেজি প্রতি মাত্র ৬ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকেরা। অনেকেই বাধ্য হয়ে বাজারে বিক্রি না করে ফুলকপি গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।
স্থানীয় আড়ত সূত্রে জানা গেছে, বর্তমানে সিরাজগঞ্জের আড়তগুলোতে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৬ টাকায়, অর্থাৎ প্রতি ধরা (৫ কেজি) কপি বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। খুচরা বাজারে কেজি প্রতি দাম ১০ টাকা। একই সঙ্গে বড় সাইজের পাতাকপিও বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০ টাকায়।
কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমে আমদানি ও উৎপাদন দুটোই বেড়ে যাওয়ায় হাট-বাজারে ফুলকপির সরবরাহ অনেক বেশি। ফলে ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন এবং বিক্রেতারা চেষ্টা করেও কপি বিক্রি করতে পারছেন না। এতে করে অনেক কৃষক হাট থেকে কপি বাড়িতে ফিরিয়ে নিয়ে গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, “এ বছর আবহাওয়া ভালো থাকায় কপির বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাম এত কম যে খরচই উঠছে না।”
আরেক কৃষক আব্দুল আজিজ বলেন, “এবার আবাদ চাহিদার তুলনায় অনেক বেশি হওয়ায় আমরা সবাই লোকসানের মুখে পড়েছি। এই দামে কপি বিক্রি করলে কৃষকের টিকে থাকা কঠিন।”
কৃষকেরা দ্রুত বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম










