শিহাব শাহীনের ছবিতে বিদুষী বর্ণিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৭:৫৯ আপডেট : ১৯ জুন ২০২৬, ১৮:০৬

এ বছরের ‘লাক্স সুপারস্টার’ হয়েছেন বিদুষী বর্ণিতার অভিষেক হতে যাচ্ছে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ছবিতে।
তবে গ্র্যান্ড ফিনালের মঞ্চেই ঘোষণা আসে, আয়োজনের অন্যতম বিচারক রায়হান রাফীর একটি ছবিতে অভিনয় করবেন তিনি। কিন্তু ঘটনা নিল উল্টো মোড়।
রাফীর আগে আরেক গুণী নির্মাতা শিহাব শাহীনের হাত ধরেই পর্দায় আগমন ঘটছে বর্ণিতার। এ নির্মাতার একটি ওয়েব ছবিতে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে আলাপ চূড়ান্ত হয়েছে। আগামী মাসে শুরু হবে শুটিং। বিষয়টি বর্ণিতা নিজেই জানিয়েছেন।
গণমাধ্যমকে বর্ণিতা বলেন, ‘এর মধ্যে আমরা আলোচনা করেছি। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং। গল্পটার কিছু অংশ শুনেছি, খুব ভালো লেগেছে। তিনি (শিহাব শাহীন) আমার প্রিয় নির্মাতাদের একজন। আমার প্রথম কাজ তার সঙ্গে হতে যাচ্ছে, এটা ভেবেই ভালো লাগছে।’
যদিও বিষয়টি নিয়ে আপাতত চুপ রয়েছেন নির্মাতা। তিনি জানিয়েছেন, ছবিটির বিষয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিন থেকে জানানো হবে। কারণ সেখানেই আসবে এটি।
এদিকে রাফী এখন অন্য একাধিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর হয়তো আর সময় পাবেন না। সেক্ষেত্রে বর্ণিতাকে নিয়ে ছবিটি বানাতে পারেন আগামী বছর।
আপাতত নিজেকে প্রস্তুত করছেন বর্ণিতা। প্রতিদিন ছবি দেখা, আয়নার সামনে অভিনয়ের অনুশীলন, এসব করেই কাটছে সময়।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










