ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড, চেকিয়া-সাউথ আফ্রিকা ম্যাচ ড্র

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৮:৪৭

বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড, চেকিয়া-সাউথ আফ্রিকা ম্যাচ ড্র
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। বসনিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে, চেকিয়ার সঙ্গে ১-১ গোলের নাটকীয় ড্রয়ে টুর্নামেন্টে টিকে রইল সাউথ আফ্রিকা।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ বি-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও বসনিয়া। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। তবে ম্যাচের আসল নাটক তখনো বাকি ছিল। বদলি হিসেবে মাঠে নেমেই সুইজারল্যান্ডকে লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি।

এর ঠিক ছয় মিনিট পরই বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারোমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। সেই সুযোগে ৮৪ মিনিটে রুবেন ভার্গাস সুইসদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সুইজারল্যান্ডকে ৩-০ তে এগিয়ে নেন মানজাম্বি।

ইনজুরি টাইমে বসনিয়ার এরমিন মাহমিচ একটি সান্ত্বনাসূচক গোল করলেও, শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সুইসদের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন গ্রানিত জাকা। সুইজারল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে জাকা টানা ৩ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন।এই হারে বসনিয়ার টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল।

এদিকে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গ্রুপ এ–এর দুই দল চেকিয়া ও সাউথ আফ্রিকা। ৫ মিনিট ৭ সেকেন্ডে মিকাল সাদিলেকের দুর্দান্ত গোলে লিড নেয় চেকিয়া। এটি চলতি বিশ্বকাপের দ্রুততম গোল।

১-০ তে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সাউথ আফ্রিকা। ম্যাচের ৮৩ মিনিটে চেক ডিফেন্ডার পাভেল সুলকের হ্যান্ডবলে পেনাল্টি পায় বাফানা বাফানারা। স্পট কিক থেকে সাউথ আফ্রিকাকে ১-১ সমতায় ফেরান মোকোয়েনা। এই ড্রয়ে দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো দুই দলই।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত